সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে : ডিসিসিআই সভাপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৮

সংগৃহীত

ঢাকার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বাড়ছে, যা ব্যবসায়ীদের জন্য গভীর উদ্বেগের কারণ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাসকীন আহমেদ বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির পরিমাণ ২০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি মূলত ক্ষমতাসীন দলের লোক, পুলিশ ও রাজস্ব কর্মকর্তাদের মাধ্যমে সংঘটিত হচ্ছে।”

তিনি বলেন, “কারখানা, অফিস বা রাস্তায় চলাচলের জন্য চাঁদা দিতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন।”

ডিসিসিআই সভাপতি চারটি মূল ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন:

  • . আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করা।
  • ২.বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা।
  • . যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নয়, তাদের ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ সহায়তা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করতে সহায়তা করা এবং ব্যাংক সুদহার যুক্তিসঙ্গত পর্যায়ে আনা।
  • ৪. অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সমন্বয় তৈরি করে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, “২০২৪ সালের অগাস্টের পরও দেশে আওয়ামী সরকারের সময়ের মতোই দুর্নীতি ও চাঁদাবাজি চলছে। পুলিশ, প্রশাসন, ইনকাম ট্যাক্স অফিস—সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে আছে। এ সমস্যা সমাধান না হলে দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।”

সংবাদ সম্মেলনে উদাহরণ দিয়ে তাসকীন আহমেদ বলেন, মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় চাঁদাবাজির কারণে গোলাগুলি পর্যন্ত ঘটেছে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে পরিবহন শ্রমিকরা চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে।

তিনি ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে পুঁজিবাজারে মানসম্মত কোম্পানি তালিকাভুক্ত করার প্রস্তাব দেন এবং সরকারি লাভজনক কোম্পানিকে সরাসরি তালিকাভুক্ত করার জন্য ‘গ্রিন চ্যানেল’ খোলার পরামর্শ দেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া শুল্ক চুক্তির ব্যবসায়িক ধারাগুলো প্রকাশের দাবিও জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top