পুরাতন খাকি ইউনিফর্ম ফিরিয়ে আনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২
বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী খাকি পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা এবং জনমত যাচাই করা প্রয়োজন।
সংগঠনটি উল্লেখ করে, ২০০৩–২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে সহজে শনাক্ত হওয়ার বিষয় এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর দিকগুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়।
বিবৃতিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার সম্প্রতি যে নতুন ইউনিফর্ম নির্বাচন করেছে, সেখানে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং ও আবহাওয়াগত বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সঙ্গে সাদৃশ্য থাকায় পুলিশ সদস্যদের আলাদাভাবে শনাক্ত করা কঠিন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক আরও বলেন, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। তাদের মতে, বর্তমান ইউনিফর্ম বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করেন। এ সময় তাদের পেশাদারিত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।
ইউনিফর্ম পরিবর্তনকে একটি ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে সংগঠনটি জানায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ খাতে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সহায়তা বাড়ানো বেশি যুক্তিসংগত হবে।
সবশেষে বিবৃতিতে বলা হয়, পোশাকের রং বা নকশার চেয়ে পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়ন এখন বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও গবেষণা ও জনমত যাচাই করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।