আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০২
বিগত সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা থেকে আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি একই ধরনের রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে এসব মামলা পর্যালোচনা করে প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এসব মামলায় আসামি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
সরকারি তথ্য অনুযায়ী, মামলা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়িত হলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে বাকি মামলাগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।