৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন, আজই তফসিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫২
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানানো হয়। এ দুই আসনের তফসিল আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বগুড়া-৬ আসনটি শূন্য হয়, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানালে গত ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়ায় ২১২। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।