মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে সময়মতো প্রবেশে কঠোর নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১১

ছবি: সংগৃহীত

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় মেনে চলা বাধ্যতামূলক।

নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি অধীনস্থ অফিস ও সংস্থাগুলোকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top