রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১
প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, “রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”
তবে এই উদ্যোগে বেসরকারি উদ্যোক্তারা কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের কাঠামো কেমন হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপি-র একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনিকলগুলো পুনরায় চালু করে সেখানে পুরোনো শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে জাতীয় সংসদে দেওয়া তথ্যে জানা যায়, সে সময় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি।
এর মধ্যে, বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন বা বন্ধ শিল্প প্রতিষ্ঠান ৩৮২টি, বিসিআইসির অধীন পাঁচটি, বিএসএফআইসির অধীন ছয়টি চিনিকল, বিএসইসি’র অধীন চারটি কারখানা।
গত দুই বছরে বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দিয়েছেন। তিনি রুগ্ন ও বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।