কারওয়ান বাজারে সিগন্যালে থামল রাষ্ট্রপতির গাড়িবহর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২১
ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল ঘিরে জনভোগান্তি এক সময় রাজধানীবাসীর নিত্য অভিজ্ঞতা ছিল। তবে সেই চিত্রে পরিবর্তন এসেছে। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাচলের ধারাবাহিকতায় এবার সিগন্যালে আটকে থাকতে দেখা গেল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর গাড়িবহরকে।
বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে যান রাষ্ট্রপতি। পথে কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে যানজটের কারণে সিগন্যালে থামতে হয় তার গাড়িবহরকে। এ সময় রাষ্ট্রপতির বহরের পেছনে থাকা অন্যান্য যানবাহনও স্বাভাবিক নিয়মে সিগন্যালে অপেক্ষা করে।
কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল ছেড়ে দিলে পুনরায় যাত্রা শুরু করে রাষ্ট্রপতির গাড়িবহর। পুরো সময়জুড়ে অন্য যানবাহনের চলাচলও স্বাভাবিক ছিল।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর গাড়িবহরকেও রাজধানীর বিভিন্ন স্থানে যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি সাধারণ মানুষের সঙ্গে তাকে ছবি তুলতেও দেখা যায়।
উল্লেখ্য, দুই বছর আগেও ভিভিআইপিদের চলাচলের সময় পুরো সড়ক বন্ধ রাখা হতো। শুধু যানবাহনই নয়, অনেক ক্ষেত্রে ফুটপাথ দিয়ে পথচারী চলাচলও সীমিত করা হতো। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই পুলিশ মহাপরিদর্শককে বিশেষ প্রোটোকল কমানোর নির্দেশ দেন তারেক রহমান। তারই ধারাবাহিকতায় এখন রাষ্ট্রপতির গাড়িবহরও সড়কে স্বাভাবিক নিয়ম মেনেই চলাচল করছে।
পরিবর্তিত এই চিত্রে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। তাদের মতে, ভিভিআইপি চলাচলে জনদুর্ভোগ কমে আসা প্রশাসনের ইতিবাচক পদক্ষেপেরই প্রতিফলন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।