বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫১

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবছর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। কেউ যদি ভিন্ন কোনো কৌশলে বা অন্য নামে এ ধরনের ফি আদায়ের চেষ্টা করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তড়িঘড়ি করে কিছু যাচাই-বাছাই করা হয়েছিল। সেসব বিষয় পুনরায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত কলেজ ইস্যুতে মন্ত্রী জানান, এ বিষয়ে এখনও বিস্তারিত নথি পর্যালোচনার সুযোগ হয়নি। একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে, পরে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top