ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩৩
দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও আর্থিক বিশেষজ্ঞ মো. মোস্তাকুর রহমান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে এ পদে দায়িত্ব দেওয়া হলো। চার বছর মেয়াদে তার নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়। দেড় বছর পর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করা মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করে পরবর্তীতে ফেলো সদস্য হন।
দীর্ঘ পেশাজীবনে তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর রেগুলেটরি কমিটির সঙ্গেও কাজ করেছেন।
বর্তমানে তিনি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট ফিন্যান্স, রপ্তানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি তদারকিতে তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বে নীতি-সংলাপ, শিল্প অর্থায়ন ও আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক গতি আসবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।