মির্জা আব্বাসকে সভাপতি করে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন সেল গঠন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১
দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদারে ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেলটির কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে।
নবগঠিত সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-কে। সদস্য হিসেবে থাকছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়-এর সচিবকে করা হয়েছে সদস্য সচিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-নালা-খাল ও জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন, খনন কার্যক্রম পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করা হবে।
এছাড়া প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।