বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। তিনি কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। এছাড়া তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডের সদস্য ছিলেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব ও আটাবের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মোস্তাকুর রহমান ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো মেম্বারও। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ধারা অনুযায়ী মোস্তাকুর রহমান অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top