২৭ ফেব্রুয়ারী রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৩
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ২৭ ফেব্রুয়ারি হেয়ার রোডস্থ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করবেন। সরকারি আবাসন পরিদপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকালের দায়িত্ব শেষ হওয়ায় তিনি যমুনা ভবনে অবস্থান করছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকে এখানে বসবাস করেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডের যমুনা ভবনকেই তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, কিছু সংস্কারকাজ সম্পন্ন হলে প্রধানমন্ত্রী ভবনটিতে উঠবেন।
অন্তর্বর্তী সরকারের সময় প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা বিবেচনায় নেওয়া হলেও সময়স্বল্পতা ও অন্যান্য কারণে তা বাস্তবায়ন হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস তার মেয়াদকালেই কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা ও উপদেষ্টার পদধারী প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন, বেশিরভাগই নির্বাচনের আগেই।
সূত্ররা জানান, অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—কেন্দ্র করে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।
বিদেশ থেকেও তিনি বিভিন্ন সফরের আমন্ত্রণ পেয়েছেন। এসব বিষয়ে সমন্বয় করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথাও সশরীরে, কোথাও ভার্চুয়ালি অংশগ্রহণ—এই পরিকল্পনা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা এই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আগামীকাল তিনি ভবন ত্যাগের মধ্য দিয়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।