বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:১৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশ যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে। ভিসা, অনুমতিপত্র ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের কঠোরভাবে দাফতরিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে এই যৌথ নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি নিয়ম মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন দালালের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এমনকি গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

যৌথ বার্তায় বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো দালাল বা এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে। এতে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।

যেসব দেশ এই যৌথ নির্দেশনা দিয়েছে সেগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top