বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে:শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:০৬

সংগৃহীত

সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়া-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসরকারি কলেজ সরকারীকরণ বা জাতীয়করণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। জাতীয়করণের পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের অন্তর্ভুক্ত করা হয়।

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণী বিষয়। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্ভব নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পৃক্ত।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top