মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি সারওয়ার আলী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সারওয়ার আলী। তিনি বলেন, “ভয় দেখিয়ে গান থামানো যাবে না।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূল-এ ‘বর্ষবরণ-১৪৩৩’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ছায়ানট সভাপতি বলেন, বাঙালির আনন্দ-বেদনা, মিলন-বিরহ এবং মুক্তিযুদ্ধসহ সব অধিকার আন্দোলনের অনুপ্রেরণার সঙ্গে সংগীত গভীরভাবে জড়িত। কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে ভয় দেখিয়ে এই সাংস্কৃতিক বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি আরও বলেন, আবহমান বাংলা গানের বৈচিত্র্যকে শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

গত বছরের কিছু ঘটনাকে স্মরণ করে তিনি জানান, রমনার বটমূলে নববর্ষ ও বিজয় দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও পরবর্তী সময়ে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র কার্যালয়ে অগ্নিসংযোগ এবং উদীচী ও বাউল শিল্পীদের ওপর হামলার মতো ঘটনা ঘটে, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংকট ও সংঘাত বিশ্বকে আতঙ্কিত করছে। এ অবস্থায় নববর্ষের শুরুতে তিনি বিশ্বশান্তির কামনা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top