বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২

ছবি: সংগৃহীত

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর সমাধানে সরকারের পক্ষ থেকে নমনীয় অবস্থান নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। খেলাধুলাকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে।” তিনি জানান, সাকিব আল হাসানমাশরাফি বিন মুর্তজা—এই দুই তারকা ক্রিকেটারের বিষয়েও সরকার বাস্তবসম্মত ও সহানুভূতিশীল অবস্থান নেবে। এমনকি সাকিব আল হাসানকে দেশে ফেরানোর আশ্বাসও দেন তিনি।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে হাসিমুখে আমিনুল হক বলেন, “আমি আগের আমিনুলই আছি, আগের মতোই থাকব।” প্রায় দশ মিনিট ধরে তিনি নিজের পরিকল্পনা ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যা চলে আরও প্রায় বিশ মিনিট। দীর্ঘ সময় কথা বললেও তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ দেখা যায়নি।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হলেও সাংবাদিকদের ভিড় কমেনি। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার নতুন করে প্রশ্ন করছেন। এ সময় তিনি আবারও বলেন, “আমি মন্ত্রী হয়েছি ঠিকই, কিন্তু আপনাদের সেই আমিনুলই রয়েছি। সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন এবং দেশকে এগিয়ে নিতে চাই।”

সংবাদ সম্মেলন শেষে তার কার্যালয়ের বাইরে ছিল মানুষের ঢল। মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা ছাড়াও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা জানাতে আসেন। দ্বিতীয় তলা থেকে মাইকে তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন,
“আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, দোয়া করেছেন। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top