হঠাৎ ঢাকায় জার্মানির বিশ্বকাপজয়ী মেসুত ওজিল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৩
জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল হঠাৎ করেই ঢাকা সফরে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এ শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন ব্যস্ত, ঠিক সে সময় অনেকটা নীরবেই বাংলাদেশে পা রাখেন সাবেক এই জার্মান মিডফিল্ডার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্ক সরকারের অধীন উন্নয়ন সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা দিচ্ছে। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনেই মূলত ক্যাম্পাসে আসেন ওজিল। ইতোমধ্যে মেডিকেল সেন্টারের উন্নয়নে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশে পৌঁছান ওজিল। আজ ঢাবির কর্মসূচি শেষে আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে রাতেই দেশ ছাড়বেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।