বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণারা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। এবার সবুজ গালিচায় নিজেদের প্রমাণের পালা। নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা।

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবল কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ৯ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের বিপক্ষে।

সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। দলটির কোচ পিটার বাটলারের অধীনে এটিই তাদের প্রথম বড় আন্তর্জাতিক মঞ্চ।

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার রোমাঞ্চ এখন পুরো দলের মধ্যেই। বিশ্রামের এক ফাঁকে রিকশায় চড়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঋতুপর্ণা চাকমা জানিয়ে দিয়েছেন, তাদের পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। দলে কাজ করছে অন্যরকম এক ভালো লাগা ও আত্মবিশ্বাস।

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে পুরো দলকে একসঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন কোচ বাটলার। তাঁর দলে আছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা। তবে বড় মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পুরোপুরি নিতে পারেনি বাংলাদেশ দল। কোচের চাওয়া অনুযায়ী বিদেশে প্রস্তুতি ক্যাম্পের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে বাফুফে কর্তারা জানিয়েছিলেন, থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করে সেখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু থাইল্যান্ড ক্যাম্প বাতিল হওয়ায় মনিকা চাকমা ও মারিয়া মান্দারা আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলের।

গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তান ম্যাচ। প্রায় সমশক্তির এই দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে ৯ মার্চ পার্থে। সেই ম্যাচে জয় পেলে সেরা দুই রানার্সআপের একটি হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের সামনে।

বিষয়: এশিয়ান কাপ, ঋতুপর্ণা চাকমা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top