নারী ইমার্জিং এশিয়া কাপ: ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১১
ভারতের বিপক্ষে ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। আর সেই উত্তেজনার পারদ তুঙ্গে তুলতে থাইল্যান্ডে আজ শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশের নারী ‘এ’ দল। রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি বাধা দাপটের সঙ্গে পেরিয়ে এখন শেষ হাসির অপেক্ষায় ফাহিমা খাতুনের দল।
বাংলাদেশন লাল-সবুজের প্রতিনিধিরা ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ১টায় ভারতের মুখোমুখি হবে।
এবার পুরো টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রাখে ফাহিমা খাতুনের দল।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর টাইগ্রেস বোলাররা পাকিস্তানকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ হেরে শক্তিশালী অবস্থানে থেকে ফাইনালে এসেছে।
যে কোনো ফরম্যাটেই বাংলাদেশ-ভারত লড়াই মানেই উত্তেজনা। তবে মাঠের বাইরের আলোচনা সরিয়ে রেখে পারফরম্যান্সেই ফোকাস রাখতে চায় দল। ফাইনালে নামার আগে স্পিনার সানজিদা আক্তার মেঘলা বলেন, “আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা তিনটা ম্যাচ জয়লাভ করার পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও জিতেছি। দল হিসেবে পারফর্ম করার কারণে আমরা এতদূর এসেছি।”
শিরোপা নিজেদের করার লক্ষ্য নিয়েই ফাহিমা খাতুন, লতা মণ্ডল ও শারমিন সুলতানাদের দল দলগত সাফল্যের ওপরই ভরসা রাখছে। মেঘলা আরও বলেন, “আমরা চাইব যেন দলগতভাবে খেলতে পারি এবং দলের চাওয়ার মতো পারফর্ম করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।