সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

আমি সৌদি আরবেরই মানুষ, এখানেই থাকতে চাই: রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪

ছবি: সংগৃহীত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের নতুন এক ইতিহাস গড়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগে আল নাসর আল-হাজমকে ৪-০ গোলে হারিয়ে দেওয়ার ম্যাচে রোনালদো বয়স ৩০ পেরোনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয় গোলের মাধ্যমে এই সংখ্যাকে তিনি ৫০১-এ নিয়ে যান। দুই দশকেরও বেশি সময়ের কেরিয়ারে তার মোট গোলসংখ্যা এখন ৯৬৫।

মাইলফলক স্পর্শের পর রোনালদো বলেন, “আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি এবং এখানেই থাকতে চাই।”

তিনি আরও যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা লিগ শিরোপার জন্য চাপ তৈরি করে যেতে চাই। আমরা শীর্ষে আছি, ম্যাচ জিতছি এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ রাখছি। মৌসুম শেষে কী হয়, তা দেখা যাবে।”

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক চুক্তি শেষ করার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান রোনালদো। আল নাসরে যোগ দিয়ে তিনি বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতন পান, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক।

রোনালদোর আগমনের পর ১০ বারের লিগজয়ী আল নাসর এখন পর্যন্ত ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে। তবে রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স চলতি মৌসুমে লিগ শিরোপার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। টানা দশম জয়ে আল নাসর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।

এদিকে, মাইলফলকের আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোনালদোর প্রশংসা করেছেন। নিজের টিকটক হ্যান্ডেলে দেওয়া ভিডিওতে ট্রাম্প তাকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়েছেন এবং বলেছেন, “রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top