রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

৯২ সন্ত্রাসী ধ্বংস

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার জবাবে নিরাপত্তা বাহিনী পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে অন্তত ৯২ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, ভারতের সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে হামলা চালায়। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ১৮ নিরীহ বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হত্যা করেছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সারা প্রদেশে ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী অসাধারণ সাহসিকতা ও দক্ষতার মাধ্যমে সন্ত্রাসীদের নাশকতার চেষ্টা নস্যাৎ করেছে।

নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ হামলার দায় স্বীকার করেছে এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিহতের দাবি করেছে। হামলার কারণে কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। শেহবাজ জানিয়েছেন, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সূত্র: জিও নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top