বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মানুষের আইনের পরিবর্তে কোরআনের আইন চালুর আহ্বান জামায়াত নেতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২১:৫১

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মানুষের তৈরি আইন বাতিল করে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, মানুষের তৈরি আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠা করা উচিত। একই সঙ্গে তিনি ইসলামী আইন চালুর জন্য একটি বোর্ড গঠনের প্রস্তাব দেন। এই বোর্ডে মাদ্রাসা থেকে পাস করা সংসদ সদস্য এবং সংসদের বাইরে বিভিন্ন মাযহাবের আলেমদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। তার মতে, এই বোর্ড ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

মুজিবুর রহমান বলেন, সংসদ ভবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস লেখা রয়েছে। তাই আইনের উৎস হওয়া উচিত কোরআন। তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ কোরআনের বিধানে বিশ্বাস করে এবং এটি বাস্তবায়ন তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, কোরআনে বহু আইনগত দিক রয়েছে, যা রাষ্ট্র পরিচালনায় কাজে লাগানো উচিত। তার বক্তব্যে তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, বিভিন্ন সময়ে একাধিক সরকার ক্ষমতায় এলেও কোরআনের কোনো আইন বাস্তবায়ন করা হয়নি।

আলোচনায় তিনি নামাজ কায়েম, যাকাত ব্যবস্থা চালু, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণসহ কোরআনভিত্তিক সামাজিক ব্যবস্থার কথা উল্লেখ করেন। তার মতে, এসব ব্যবস্থা চালু হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আল্লাহ মানুষের জান-মাল গ্রহণের বিষয়ে যে ঘোষণা দিয়েছেন, তা আখিরাতের সফলতার সঙ্গে সম্পর্কিত।

সবশেষে তিনি বলেন, তার দল বা কোনো নেতা জান্নাতের টিকিট বিক্রির কথা বলেনি। এ বিষয়ে যারা মন্তব্য করছেন, তাদের ব্যাখ্যা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top