এপস্টেইন নথি প্রকাশ
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে গিয়েছিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। বিবিসির তথ্যমতে, শুক্রবার প্রকাশিত এসব নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও। এটিই এপস্টেইন–সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশ।
এই নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, প্রকাশিত কয়েকটি ই-মেইলে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়েছে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপস্টেইনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন মোদি।
প্রতিবেদনে বলা হয়, ই-মেইলে এপস্টেইন নিজেই দাবি করেছেন যে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন এবং তার পরামর্শেই মোদি ওই সফরে যান। এসব ই-মেইলে আরও কিছু মন্তব্যের কথা উল্লেখ করা হলেও সেগুলোর কোনো স্বাধীন যাচাই হয়নি।
এদিকে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, নিন্দনীয় এবং বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, এ ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।
নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হলেও সরকারিভাবে এসব দাবিকে গুজব ও অসত্য বলে আখ্যা দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।