মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জাপানে টানা তুষারপাতে নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

জাপানে টানা ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তার মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার পড়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চল। সেখানে উদ্ধার ও তুষার সরানোর কাজে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। কিছু দুর্গম এলাকায় এখনো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত তুষার জমে আছে।

মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।

আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, তুষার পরিষ্কার করা এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। তিনি সতর্ক করেছেন যে, তুষারের ভারে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানি হতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top