মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

এপস্টাইন বিতর্কের জেরে সারাহ ফার্গুসনের দাতব্য সংস্থা বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৭

সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার নতুন তথ্য প্রকাশের কয়েক দিনের মধ্যেই প্রাক্তন ‘রাজবধূ’ সারাহ ফার্গুসনের দাতব্য প্রতিষ্ঠান ‘সারাহ’স ট্রাস্ট’ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটির এক মুখপাত্র জানান, ট্রাস্টি বোর্ড ও চেয়ারম্যান সারাহ ফার্গুসন দুঃখের সঙ্গে নিকট ভবিষ্যতে সংস্থাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত প্রায় ৩০ লাখ নথিতে দেখা যায়, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন অপরাধের দায়ে কারাবন্দি থাকা অবস্থাতেও এপস্টাইনের সঙ্গে সারাহ ফার্গুসনের যোগাযোগ ছিল। যদিও নথিতে নাম থাকাই অপরাধের প্রমাণ নয়, তবে বিষয়টি তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংস্থার দাবি, প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। তবে হঠাৎ সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘সারাহ’স ট্রাস্ট’ মানবিক ও পরিবেশ সংকট এবং দারিদ্র্য দূরীকরণে কাজ করত।

এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গত বছর থেকেই একে একে বিভিন্ন দাতব্য সংস্থা সারাহ ফার্গুসনকে তাদের শুভেচ্ছাদূত ও পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিতে শুরু করে। শিশুদের হাসপাতাল জুলিয়াস হাউজ সবার আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক নথি প্রকাশ ও ইমেল ফাঁসের ঘটনায় রাজকীয় মহলে সৃষ্ট অস্বস্তির সরাসরি প্রভাব পড়েছে সারাহ ফার্গুসনের দাতব্য কার্যক্রমের ওপর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top