মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ব্রোঞ্জ ভাস্কর্য চুরি

সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৪

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর একটি ভারী ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৪২৬ কেজি ওজনের ভাস্কর্যটি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) উপহার হিসেবে প্রদান করেছিল।

স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে তা সরিয়ে নেয়।

ঘটনাস্থলের ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাস্কর্যটির পায়ের তালু অংশ সেখানে পড়ে আছে, বাকিটা কেটে নিয়ে গেছে চোরেরা। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে—কেউ যদি সন্দেহজনকভাবে ব্রোঞ্জ বিক্রির চেষ্টা করে, তবে যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানান, ভবনের সিসিটিভি ক্যামেরায় চুরির আংশিক ফুটেজ ধরা পড়েছে। পরদিন বিষয়টি ট্রাস্টকে জানানো হলে পুলিশে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে ভাস্কর্যটি স্থাপনের সময় অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। তবে স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এতে ভাঙচুর চালানো হয়েছিল।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির অভিযোগের মধ্যেই এই চুরির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুখ ঢাকা কয়েকজন ব্যক্তি একটি সাদা ভ্যানগাড়িতে করে এসে ভাস্কর্যটি কেটে নিয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top