হরমোজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের ধাওয়া
সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬
হরমোজ প্রণালীতে মার্কিন তেলবাহী একটি জাহাজকে ধাওয়া ও চ্যালেঞ্জ করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক এই তথ্য জানিয়েছে।
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ওমানের উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে যখন মার্কিন ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের তেলবাহী জাহাজটি প্রণালীটি অতিক্রম করছিল, তখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনটি ছোট বোট তার পথ রোধ করে এবং জাহাজটিকে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়।
ভ্যানগার্ড টেকের তথ্য অনুযায়ী, ইরানি বোটগুলো রেডিও বার্তায় জাহাজটির ক্যাপ্টেনকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশি নিতে বলেছিল। তবে জাহাজের ক্যাপ্টেন ওই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজের গন্তব্যে চলে যান। সংস্থাটি জানায়, মার্কিন এই তেলবাহী জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি একটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তায় রয়েছে।
এর আগে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিল, তবে তারা জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস দাবি করেছে যে, একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং ইরানি বাহিনী যখন তার প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চায়, তখন সেটি দ্রুত এলাকা ত্যাগ করে।
এ ঘটনা হরমোজ প্রণালীকে আবারও উত্তেজনার কেন্দ্রে দাঁড় করিয়েছে। এই জলপথটি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। কয়েকদিন আগে, আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।