বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দীর্ঘ ৫৪ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, প্রস্তুত নাসার ‘আর্টেমিস-টু’

সারাবিশ্ব ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪

ছবি: সংগৃহীত

অর্ধশতকেরও বেশি সময় পর ফের চাঁদে পাঠানো হচ্ছে মানুষ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার আর্টেমিস-টু মিশনে চারজন মহাকাশচারী চন্দ্রাভিযানের উদ্দেশ্যে পৃথিবী ছাড়বেন।

১৯৭২ সালের পর ৫৪ বছর ধরে চাঁদে কোনো মানব অভিযান হয়নি। এবার নাসার মাল্টি-বিলিয়ন ডলার মূল্যের আর্টেমিস মিশনের আওতায় এটি প্রথম মানবপরিচালিত অভিযান। এর আগে ২০২২ সালে আর্টেমিস ওয়ান মিশনে মানুষ ছাড়া রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। আর্টেমিস-টু মিশনে নাসার সবচেয়ে শক্তিশালী ‘স্পেস লঞ্চ সিস্টেম’ রকেট ব্যবহার করে কক্ষপথের পাশাপাশি চাঁদের উপগ্রহের চারপাশ প্রদক্ষিণ করবে এই দল।

আর্টেমিস মিশন-টু’র ম্যানেজমেন্ট টিম চেয়ারম্যান জন হানিকাট বলেন, “এই যাত্রা চাঁদে স্থায়ী মানুষের উপস্থিতি নিশ্চিত করার দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১০ দিনের মিশনে লাইফ সাপোর্ট ও ন্যাভিগেশন সিস্টেম পরীক্ষা করা হবে, যা ভবিষ্যতের চাঁদে অবতরণের প্রস্তুতি সহজ করবে।”

মিশনের নেতৃত্ব দেবেন কমান্ডার রিড ওয়াইজম্যান। দলের মধ্যে রয়েছেন রকেট পাইলট ভিক্টর গ্লোভার এবং দুই বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান মহাকাশচারী জেরেমি হ্যানসেন। তারা চাঁদে অবতরণ না করে উপগ্রহের চারপাশে প্রদক্ষিণ করবেন, প্রয়োজনীয় গবেষণা সম্পন্ন করবেন এবং ভবিষ্যতের আর্টেমিস-থ্রি মিশনের প্রস্তুতি নেবেন।

মিশনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলক প্রক্রিয়ায় রকেট উৎক্ষেপণের সময় তরল হাইড্রোজেন লিকেজ ধরা পড়ায় মিশন সাময়িকভাবে পেছানো হয়েছে। নাসা জানিয়েছে, কক্ষপথের সঠিক হিসাব-নিকাশের পর আগামী মার্চ মাসে আর্টেমিস-টু মিশন সম্ভবত অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top