বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গ্র্যামিতে ইতিহাস গড়লেন ব্যাড বানি, মঞ্চজুড়ে অভিবাসন নীতি নিয়ে সমালোচনার ঝড়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জনপ্রিয় র‍্যাপার ব্যাড বানি। প্রথম স্প্যানিশ ভাষার শিল্পী হিসেবে তিনি জিতেছেন মর্যাদাপূর্ণ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। আলোচিত অ্যালবাম ‘ডেবি তিয়ার মাস ফোতোস’–এর জন্য এই স্বীকৃতি পান তিনি। শুধু এই বিভাগেই নয়, আরও দুটি পুরস্কার জিতেছেন এই শিল্পী।

পুরস্কার গ্রহণের সময় ব্যাড বানি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেন। তিনি বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে বলব—আইস আউট। আমরা পশু নই, এলিয়েন নই; আমরা মানুষ এবং আমেরিকান।” নিজের এই অর্জন তিনি উৎসর্গ করেন সেইসব মানুষকে, যারা স্বপ্নপূরণের জন্য নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান।

গ্র্যামির মঞ্চে ব্যাড বানিই একমাত্র নন, আরও বহু শিল্পী ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করেন। অনুষ্ঠানে উপস্থিত অনেক তারকাকে পোশাকে ‘আইস আউট’ পিন পরতে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন জাস্টিন বিবার ও হেইলি বিবার দম্পতি, জনি মিচেল, জর্ডান টিসন ও হেলেন জে শেন। কিউবান–আমেরিকান সংগীতশিল্পী গ্লোরিয়া এস্তেফান বলেন, “আমি ভীত, খুব চিন্তিত। এটা অপরাধীদের ধরার বিষয় নয়—এসব মানুষের পরিবার আছে, তারা দশক ধরে অবদান রেখে যাচ্ছে। শত শত শিশু ডিটেনশন সেন্টারে আছে—এটা অমানবিক।”

এবার সেরা নবাগত শিল্পী হয়েছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, “আমি এখানে এসেছি একজন অভিবাসীর নাতনি হিসেবে।” অন্যদিকে র‍্যাপার শাবুজি বলেন, “অভিবাসীরাই এই দেশ বানিয়েছে। এই পুরস্কার সব অভিবাসীর সন্তানদের জন্য।”

আলোচিত গায়িকা বিলি আইলিশ বলেন, “আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ।” গ্র্যামিজয়ী আরেক শিল্পী সিজা মন্তব্য করেন, “আজ আমরা উদ্‌যাপন করছি, আর কোথাও কাউকে গুলি করা হচ্ছে—এটা হতাশাজনক। তবে আশা হারালে পরিবর্তন সম্ভব নয়।”

এবার শেষবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। উদ্বোধনী বক্তব্যেই তিনি গায়িকা নিকি মিনাজের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যঙ্গ করেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ট্রেভর নোয়া ও গ্র্যামি অনুষ্ঠানকে কড়া ভাষায় সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অনুষ্ঠানকে “দেখার অযোগ্য” উল্লেখ করে নোয়াকে “পুরোপুরি ব্যর্থ” বলেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

এএফপি অবলম্বনে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top