যৌন অসন্তুষ্টি দূর করতে আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭
আর্মেনিয়ায় নারীদের যৌন অসন্তুষ্টি দূর করার লক্ষ্যে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে একটি নবগঠিত রাজনৈতিক দল। দেশটির আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে এই প্রস্তাব নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’ মনে করছে—দেশে যেন কোনো নারী যৌন আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে অসন্তুষ্ট না থাকেন, সে লক্ষ্যেই একটি আলাদা মন্ত্রণালয় প্রয়োজন।
দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হলো যৌন জীবনের অসন্তুষ্টি। এই সমস্যার সমাধানে কোনো মন্ত্রণালয় গঠন করা প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই প্রয়োজন।” তাঁর মতে, এ ধরনের মন্ত্রণালয় দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান প্রথম এই ধারণা উত্থাপন করেন। তিনি ‘ট্রায়াঙ্গেল’ নামের একটি পডকাস্টে বলেন, যৌন অসন্তুষ্টির কারণেই নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হয়ে উঠছেন।
উল্লেখ্য, ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পর গঠিত হয়। দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সামভেল কারাপেতিয়ানের ভাতিজা নারেক কারাপেতিয়ানের নাম আলোচনায় রয়েছে।
আগামী জুনে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে করা এক জনমত জরিপে দেখা গেছে, স্ট্রং আর্মেনিয়া ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে। জরিপে আরও বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।