বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মাস্কাটে যুক্তরাষ্ট্র–ইরান পারমাণবিক আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৮

সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার মূল কেন্দ্রে রয়েছে ইরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ অন্তত ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম।

আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে দুই কূটনৈতিক সূত্র জানায়, তুরস্ক, মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাবিত কাঠামোতে ইরানকে এই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তরের শর্ত দেওয়া হতে পারে। একই সঙ্গে ইরানকে আগামী তিন বছর সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বলা হতে পারে। পরবর্তী পর্যায়ে সীমিত আকারে সমৃদ্ধকরণের অনুমতির বিষয়ও আলোচনায় রয়েছে।

হাম নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত কাঠামোয় আরও শর্ত হিসেবে ইরানকে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার বন্ধ করা এবং হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীর মতো সশস্ত্র সংগঠনকে সহায়তা না দেওয়ার কথাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কতটা ঐকমত্য হবে, তা এখনো অনিশ্চিত।

কূটনৈতিক মহলের মতে, মাস্কাটের এই বৈঠক পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কোনো সম্ভাব্য চুক্তি কেবল পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে সহায়তার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে হবে।

অন্যদিকে তেহরান স্পষ্টভাবে জানিয়ে আসছে, আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ রাখতে হবে। এই মতপার্থক্যের মধ্যেই মধ্যস্থতাকারী দেশগুলো প্রাথমিকভাবে আস্থা তৈরির লক্ষ্য নিয়ে পারমাণবিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top