বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথে নববধূ অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৩
বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের ওডিশা রাজ্যে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও স্বজনরা গাড়িতে করে ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকায় তিন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, নববধূর প্রাক্তন প্রেমিক দুই সহযোগীকে নিয়ে গাড়ি থামিয়ে বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন এবং জোরপূর্বক নববধূকে তুলে নিয়ে পালিয়ে যান। বর ও তার সঙ্গীরা অসহায় অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকেন।
এ ঘটনায় বর স্থানীয় তারভা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, বন্দুক দেখিয়ে তাকে আটকে রেখে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।
তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে ওই নারীকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।