একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

সূত্র অনুযায়ী, প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতের পর চলতি মাসের শুরুতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর একটি স্থায়ী সমঝোতার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাতেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এরই মধ্যে মঙ্গলবার আকস্মিকভাবে ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই আলোচনার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক অভিযান থেকে বিরত থাকবে।

তবে এই সিদ্ধান্তকে একতরফা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান বা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই ঘোষণাকে মানবে কি না—তা এখনো অনিশ্চিত।

এদিকে ট্রাম্প আবারও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর অবরোধ অব্যাহত রাখবে। বিষয়টি ইরানকে আরও ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ তেহরান এই পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য বলে মনে করে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো অনুরোধ তারা করেনি। বরং প্রয়োজনে অবরোধ মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top