মুসলমানদের রুখতে নতুন জোট গড়ার ঘোষণা নেতানিয়াহু- মোদির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৩
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত এই জোট ‘উগ্রবাদী শক্তি’র বিরুদ্ধে একটি কৌশলগত ঢাল হিসেবে কাজ করবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরাইল সফরকে সামনে রেখে এ পরিকল্পনার কথা জানান তিনি। নেতানিয়াহু জোটটিকে একটি ‘হেক্সাগন’ বা ষড়ভুজাকৃতির কাঠামো হিসেবে বর্ণনা করেন, যেখানে ভারতকে প্রধান অংশীদার হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি, এই জোট মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে—একটি হলো ইরান-নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি বর্তমানে সক্রিয় হয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ।
নেতানিয়াহু জানান, ভারতের পাশাপাশি গ্রিস ও সাইপ্রাসসহ এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও কয়েকটি দেশ এতে অন্তর্ভুক্ত হতে পারে, যারা ইসরাইলের সঙ্গে কৌশলগতভাবে সমমনা। অন্যদিকে, নরেন্দ্র মোদিও এক বার্তায় ভারত-ইসরাইল সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে বলেন, উদ্ভাবন, বিশ্বাস ও অগ্রগতির ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠীর প্রভাব কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রস্তাবিত এই নতুন জোট সেই কৌশলকে আরও বিস্তৃত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ‘উগ্র সুন্নি অক্ষ’ বলতে ঠিক কোন দেশ বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। অতীতে তিনি মুসলিম ব্রাদারহুডকে এ ধরনের শক্তির মধ্যে উল্লেখ করেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তুরস্ক ও সৌদি আরবের মতো প্রভাবশালী সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে গাজা পরিস্থিতি ঘিরে সৌদি আরব ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং আব্রাহাম অ্যাকর্ড–এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও অনিশ্চয়তায় পড়েছে।
এই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতসহ সম্ভাব্য মিত্রদের নিয়ে নতুন ‘হেক্সাগন’ জোট গঠনের উদ্যোগের কথা জানালেন নেতানিয়াহু।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।