লখনৌ বিশ্ববিদ্যালয়ে নামাজরত শিক্ষার্থীদের পাহারা দিচ্ছে হিন্দু সহপাঠীরা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০২
ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে দেখা গেছে এক ভিন্ন দৃশ্য। মুসলিম শিক্ষার্থীরা যখন সালাত আদায় করছেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন করে পাশে দাঁড়িয়েছেন হিন্দু সহপাঠীরা।
ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত প্রায় ২০০ বছর পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে—এই যুক্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মসজিদটি তালাবদ্ধ করে। প্রশাসনের দাবি, নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের বিষয়েও আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে আলোচনা চলছে।
তবে শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, রমজান মাসে মুসলিম ছাত্রদের নামাজ আদায়ে কার্যত বাধা তৈরি হয়েছে। এ অবস্থায় মুসলিম সহপাঠীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন হিন্দু শিক্ষার্থীরা। তারা মানববন্ধন তৈরি করে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং ইফতার আয়োজনেও সহযোগিতা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যকে অনেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন মহলে বিষয়টি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।