আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত", সিঁদুর প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে বিপুল প্রাণহানি ঘটতে পারত। হোয়াইট হাউসে নিজের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন— যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা না থাকলে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর সময় প্রায় ৩ কোটি ৫০ লক্ষ মানুষ মারা যেত।
ট্রাম্প বলেন, “আমি জড়িত না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন— প্রায় ৩৫ লক্ষ মানুষ মারা যেত।”
তিনি আরও দাবি করেন, গত এক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনাসহ মোট আটটি যুদ্ধ বা সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে অবস্থান নিয়েছে ভারত। নয়াদিল্লি ধারাবাহিকভাবে জানিয়ে আসছে, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত চলাকালে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে এমন সব দাবিকে বারবার অস্বীকার করা হয়েছে।
এদিকে সংঘাত চলাকালে উভয় পক্ষের বিমান ক্ষতির বিষয়েও মতবিরোধ রয়েছে। ট্রাম্পের বক্তব্যের সঙ্গে নয়াদিল্লির অবস্থান মিলছে না। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা দেশটি কতটি বিমান হারিয়েছে— সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশে বিরত রয়েছেন।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও নতুন করে বিতর্ক তৈরি করেছে ট্রাম্পের এই মন্তব্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।