দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি ইসরায়েলে পৌঁছেছেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছেছেন। এটি গত আট বছরের মধ্যে তাঁর দ্বিতীয় ইসরায়েল সফর। সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করা।
মোদির সফরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নেসেট-এ বিশেষ ভাষণ দেওয়া, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে মোদিকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করে এই সফরের ঘোষণা করেছিলেন।
২০১৭ সালে মোদির প্রথম ঐতিহাসিক সফরের পর থেকে প্রযুক্তি, কৃষি ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে ভারতের ইসরায়েলের ওপর নির্ভরতা অনেক বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করছে এবং এই সময়ের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির ৩৪ শতাংশ কিনেছে ভারত।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে। নিরাপত্তা ছাড়াও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তির আদান-প্রদানের বিষয়গুলো নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হবে।
তবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও জনমতের প্রতিক্রিয়া মিশ্র। দেশের একটি অংশ এই জোটকে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করছে, অন্য একটি অংশ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের নিরপেক্ষ অবস্থান রক্ষার পক্ষে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সফর কেবল অস্ত্র লেনদেনে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন মোদির নেসেটে দেওয়া ভাষণের দিকে, যেখানে তিনি ভারত-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে পারেন।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।