ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘটিত এই ভয়াবহ হামলার পরও ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মিনাবের ‘শাজাবা তাইয়্যেবা’ নামের স্কুলটি একটি সামরিক স্থাপনার নিকটে অবস্থিত ছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, বিদ্যালয়টি এক সময় সামরিক ঘাঁটির অংশ থাকলেও ২০১৬ সাল থেকে এটি স্বতন্ত্রভাবে পরিচালিত হয়ে আসছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়টি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে প্রায় ২০০ ফুট দূরে অবস্থিত। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে স্কুল ভবনের ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, বেসামরিক হতাহতের অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
সূত্র: সিএনএন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।