ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে যুদ্ধবিরতি বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে সহায়ক হতে পারে।
বিবৃতিতে বলা হয়, সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে, যা যুদ্ধবিরতি ব্যাহত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া পরবর্তী ধাপের আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছেন গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চলমান সংকট নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে সাম্প্রতিক এই যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।