মার্কিন-ইসরায়েলি হামলায় ৭ ইরানি সামরিক কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৯:২১

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাতজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ।

প্রকাশিত তালিকায় আধাসামরিক বাহিনী বাসিজের মেজর জেনারেল শহীদ মোহাম্মদ শিরাজির নাম রয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা উপপ্রধান জেনারেল শহীদ সালেহ আসাদিও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার সকালে প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক চলাকালে হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুল রহিম মুসাভি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত দুই দিনের হামলায় ৪৮ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক ধাক্কায় ৪৮ জন নেতা নিহত হয়েছেন এবং অভিযান দ্রুত এগিয়ে চলছে।

ট্রাম্প আরও জানান, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনিও আলোচনায় সম্মত হয়েছেন। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক–এর এক প্রতিবেদনে বলা হয়, তিনি মার-এ-লাগো অবকাশকেন্দ্র থেকে ফোনে জানান, ইরান আলোচনায় বসতে চায় এবং তিনিও কথা বলতে প্রস্তুত। তবে আলোচনা আজ নাকি আগামীকাল—এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তার দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় যুক্ত অনেক ইরানি কর্মকর্তা এখন আর জীবিত নন।

এদিকে, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে জানিয়েছেন, তেহরান উত্তেজনা প্রশমনে যেকোনো উদ্যোগে প্রস্তুত।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক আলোচনা প্রক্রিয়ায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। গত শুক্রবার আল বুসাইদি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন বলেও জানানো হয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা পুরো অঞ্চলে উত্তেজনা ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top