যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের বাজারে অস্থিরতা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি টিকবে কি না—এমন অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি ঘিরে বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারের আরেক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৬৩ ডলারে।

তবে কিছু সময় পর দাম সামান্য কমে এলেও বাজারে অস্থিরতা রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরান এখনো প্রণালিটি উন্মুক্ত না করায় বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার শঙ্কা থেকেই তেলের দামে এমন ওঠানামা অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top