সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১০:১৩

ছবি: সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার (১ মার্চ) এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন তিনি।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যে উপদেষ্টা বলেন, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি একদম সুস্থ রয়েছেন।’

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস–এর তিন সদস্য নিহত হন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন হামলার লক্ষ্যবস্তু ছিল না বলে দাবি করা হয়েছে। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, হামলার শিকার ভবনটি তার বাসা থেকে প্রায় একশ মিটার দূরে হলেও বাসভবনটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জন নাকচ হলো।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top