লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪৯ জন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে Al Jazeera।
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই এলাকাকে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি যুদ্ধবিমানগুলো সেখানে মুহুর্মুহু বোমাবর্ষণ করেছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে পাল্টা আঘাত হানছে।
বিবৃতিতে আরও বলা হয়, “হিজবুল্লাহকে ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।”
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলের শহর হাইফার একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।