সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৭:৫৮

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত ।  ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত-এর আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বাহরাইন-এ আরও এক বাংলাদেশি নাগরিক নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদারকি করছে।

অন্যদিকে কুয়েত-এ একটি বেসামরিক বিমানবন্দরের কাছাকাছি ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।

আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দূতাবাস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top