হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলার ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:১২

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালি এখন ‘বন্ধ’। কোনো জাহাজ যদি এই পথ ব্যবহার করে যাওয়ার চেষ্টা করে, তাহলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ও নৌবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে জাহাজে আগুন দেওয়া বা সরাসরি আক্রমণ চালানো হবে বলেও তিনি সতর্ক করেন।

বিশ্বের দৈনিক মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এই পথ কার্যত বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান এবং ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সঙ্গে পণ্য আনা-নেওয়া হয়ে থাকে। ফলে এ ঘোষণার প্রভাব দেশের আমদানি-রপ্তানিতেও পড়তে পারে।

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালির পাশের দেশ ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহনে ঝুঁকি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top