ইরানে স্কুলে হামলায় নিহতদের গণজানাজা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৭:৩২
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ উন্মুক্ত স্থানে জড়ো হয়ে জানাজায় অংশ নেন। এক নারী, যিনি নিজেকে ‘আতেনার মা’ পরিচয় দেন, নিহত সন্তানের ছবি তুলে ধরে একে ‘আমেরিকার অপরাধের দলিল’ বলে উল্লেখ করেন।
জানাজায় অংশ নেওয়া জনতা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’—এমন স্লোগান দেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর এক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ হামলার সঙ্গে জড়িত নয়।
গত শনিবার রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় বলে দাবি করা হয়েছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব নিহত হয়েছেন বলে জানানো হয়।
একই দিনে মিনাবের দুটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, একটি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফরহাদি বলেন, স্কুলটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।