বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সৌদি আরবে সিআইএ'র স্টেশনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:৪৯

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে গত সোমবার একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দূতাবাসের ভেতরেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন অবস্থিত বলে জানা গেছে।

এ বিষয়ে অবগত একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে বুধবার (৪ মার্চ) রয়টার্স জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি সম্ভবত ইরান থেকে ছোড়া হয়েছিল। তবে সিআইএ স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্পর্শকাতর এই বিষয়ে সিআইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত শনিবার থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে শুরু হওয়া সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এ হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অভিযান শুরুর পর থেকেই তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাত হানছে।

রিয়াদের কূটনৈতিক এলাকায় এ ড্রোন হামলার ঘটনা প্রমাণ করে, উচ্চ নিরাপত্তাবেষ্টিত অঞ্চলও এখন ঝুঁকির বাইরে নয়। হামলার পর সৌদিতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে দূতাবাস ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কাঠামোগত ক্ষতি হয়েছে। তবে হামলার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে কর্মীদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে এবং হামলার উৎস চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান ঘোষণা দিয়েছে, মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো স্থানে তারা আঘাত হানবে। অন্যদিকে সৌদি আরব তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top