ভারত মহাসাগরে মোতায়েন একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এ হামলা পরিচালিত হয়েছে।
আইআরজিসির নৌ শাখার দাবি, ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল ডেস্ট্রয়ারটি। ঠিক সেই সময় ইরানের কথিত অত্যাধুনিক ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।
আইআরজিসি এই অভিযানকে ইরানবিরোধী মার্কিন ও ‘জায়নবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে ‘চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব’ হিসেবে উল্লেখ করেছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।
সূত্র: তাসনিম নিউজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।