বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

শ্রীলঙ্কা উপকূলে যুদ্ধজাহাজে মার্কিন হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৯:২১

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জন ইরানি সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোররাতে সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। ভারত থেকে নৌ-মহড়া শেষে ফেরার সময় ‘আইআরআইএস ডেনা’ নামের ইরানি যুদ্ধজাহাজটি হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্রের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তারা টর্পেডো ব্যবহার করে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ ডুবিয়েছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা যুদ্ধজাহাজটির কোনো চিহ্ন পাননি। সমুদ্রের উপরিভাগে কেবল তেলের স্তর এবং কিছু লাইফ র‍্যাফট ভাসতে দেখা যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ইরানের ওই যুদ্ধজাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মার্কিন সাবমেরিন থেকে নিখুঁত টর্পেডো হামলা চালানো হয়েছে এবং এতে জাহাজটি ডুবে যায়।

তিনি আরও দাবি করেন, ১৯৪৫ সালের পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনী টর্পেডো ব্যবহার করে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ ডুবিয়েছে।

উদ্ধার হওয়া ৮৭টি মরদেহ ইতিমধ্যে শ্রীলঙ্কার উপকূলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। লঙ্কান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, উত্তাল সমুদ্রে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে জাহাজটির ধ্বংসাবশেষ গভীর সমুদ্রে তলিয়ে যাওয়ায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top