বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

দেশের আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়াতে বললেন কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে কাতারের সামরিক বাহিনীকে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বুধবার সেনাবাহিনীর আকাশ অভিযান পরিচালনা কেন্দ্র পরিদর্শনে যান আমির। এ সময় সামরিক কর্মকর্তারা তাকে বাহিনীর অভিযান পরিচালনা বিভাগের অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি এবং দেশের আকাশসীমা ও জলসীমা সুরক্ষায় নেওয়া উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়।

আমিরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ তামিম বিন হামাদ আল থানি কর্মকর্তাদের দেওয়া তথ্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের আকাশ ও জলসীমা সুরক্ষায় আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

আলোচনা শেষ হওয়ার পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ইসরায়েলও ইরানে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন উড়োজাহাজ হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বড় সেনাঘাঁটি রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

সূত্র : মিডলইস্ট মনিটর

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top